Recents in Beach

ব্রেকিং নিউজ

‘আমাকে ব্যবহার করে এখন অস্বীকার করছেন’ — এনসিপিকে নীলা ইস্রাফিলের জ্বালাময়ী প্রশ্ন

সিবি ডেক্স: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরপরই দলটির পক্ষ থেকে ‘অপরিচিত’ ঘোষিত হয়েছেন নীলা ইস্রাফিল। এ ঘোষণার জবাবে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। সেখানে এনসিপির উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন— "আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?"

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমে বলেন, “নীলা ইস্রাফিল এনসিপির কেউ নয়। তবে সে নাগরিক কমিটিতে ছিল।” এ বক্তব্যকেই ভিত্তি করে নীলা রীতিমতো ফুঁসে ওঠেন।

নিজের দীর্ঘ স্ট্যাটমেন্টে তিনি বলেন, “আজ যখন আপনাদের নেতার অপরাধ, অনাচার, লিপ্সার বিরুদ্ধে আমি মুখ খুলেছি, তখন আমি আপনাদের কেউ না? এতদিন আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল তখন তো কোনো সমস্যা ছিল না। আপনারা কি দল করেন, না কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান?”

তিনি আরও লেখেন, “আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকেই অস্বীকার করছেন? সত্য বললেই কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়? এই প্রশ্ন আজ শুধু আমার না—এই প্রশ্ন প্রতিটি নারীর, যাকে আপনারা দলীয় পরিচয়ে ব্যবহার করেছেন, আর পরে ‘অপরিচিত’ বানিয়েছেন।”

নীলার ভাষ্য অনুযায়ী, যখন তার কণ্ঠ ও পরিচয় এনসিপির স্বার্থে ছিল, তখন তাকে “আমাদের নেত্রী”, “আমাদের শক্তি” বলে গলা ফাটানো হতো। অথচ এখন যখন তিনি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন, তখন তাকে ‘পরিচিত নয়’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “এটা কোনো রাজনৈতিক দলের নৈতিকতা নয়। এটা প্রমাণ করে দল নয়, বরং ব্যক্তি রক্ষায় ব্যস্ত একক গোষ্ঠীবাদী আচরণ চলছে। জনগণ সব দেখছে, সব বুঝছে এবং প্রশ্ন করছে—এই দল কি আদৌ জনগণের ন্যায় ও নৈতিকতার প্রতিনিধিত্ব করে?”

তার স্পষ্ট ভাষায়, “আমি অবাক হই না যে আজ জাতীয় নাগরিক পার্টি আমাকে অস্বীকার করছে। কারণ সত্য বললেই অনেক সময় আপনজনই মুখ ফিরিয়ে নেয়। আমি কারো পরিচয়ে নই, আমি আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না।”

Post a Comment

0 Comments