Recents in Beach

ব্রেকিং নিউজ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে মঞ্চস্থ হলো স্বপ্নদলের নাটক হেলেন কেলার ও কামরুজ্জামান বালার্ককে সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে মঞ্চস্থ হলো স্বপ্নদলের নাটক হেলেন কেলার ও কামরুজ্জামান বালার্ককে সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের একক নাটক ‘হেলেন কেলার’ মঞ্চস্থ হয়েছে। স্থানীয় বাংলাদেশি নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটির আমন্ত্রণে গত শনিবার সন্ধ্যায় মেলবোর্নের চ্যান্ডলার মিলনায়তনে প্রযোজনাটির ৬৪তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অপূর্ব কুমার কুণ্ডুর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন এবং এতে একক অভিনয় করেছেন জুয়েনা শবনম।

স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন জানান, এর আগে নাটকটি জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। মেলবোর্নে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে একটি বিশেষ আয়োজন ছিল। শিল্প ও সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া ২০২৬’ অর্জন করায় রেনেসাঁর নাট্যজন কামরুজ্জামান বালার্ককে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

নাটকটি সম্পর্কে অভিনেত্রী জুয়েনা শবনম বলেন, হেলেন কেলারের মতো একজন মহান মানুষের চরিত্রে অভিনয় করতে পারা তার জন্য এক বিশাল প্রাপ্তি। দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও শিক্ষক অ্যান স্যুলিভানের প্রেরণায় হেলেন কেলারের ঘুরে দাঁড়ানোর মানবিক আখ্যান এই নাটকে ফুটে উঠেছে। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ এবং প্রযোজনা ব্যবস্থাপনায় ছিলেন শাখাওয়াত শ্যামল।

অস্ট্রেলিয়া সফরকালে নির্দেশক জাহিদ রিপন মেলবোর্নের নাট্যকর্মীদের জন্য ‘বাঙলা নাট্যরীতি’ বিষয়ক একটি বিশেষ কর্মশালা পরিচালনা করছেন। আগামী ২৮ জুন হেলেন কেলারের জন্মদিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে নির্দেশক নিশ্চিত করেছেন।

সংক্ষেপে:
অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্বপ্নদলের একক নাটক হেলেন কেলারের ৬৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। রেনেসাঁ ড্রামা সোসাইটির আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে নাট্যজন কামরুজ্জামান বালার্ককে সংবর্ধনা দেওয়া হয়।

Post a Comment

0 Comments