নারায়ণগঞ্জ শহরের দেওভোগ-মাসদাইর এলাকার বোয়ালিয়া খাল সংলগ্ন লিচুবাগ এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহে যাওয়া র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র্যাব-১১ এর তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন র্যাব সদস্য নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে নজিবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া খাল এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের আস্তানা হিসেবে পরিচিত। মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল সাদা পোশাকে ওই এলাকায় মাদক কারবারিদের তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যায়। এ সময় স্থানীয় ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী দল চাপাতি ও রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাব সদস্যদের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য র্যাব সদস্যরা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই হামলায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে বুইট্টা মাসুদের সহযোগীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজেও কয়েকজনকে অস্ত্রসহ হামলা চালাতে দেখা গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মাহবুব জানান, জড়িতদের ধরতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র্যাবের অবস্থান জিরো টলারেন্স। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
নারায়ণগঞ্জে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ র্যাব সদস্য। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

0 Comments