বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মাত্র একদিনের মাথায় পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতি বরাবর তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছেন।
মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সন্তান। তিনি রাজশাহী অঞ্চল থেকে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসায়িক ব্যস্ততাকে দায়িত্ব ছাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি জানান, বর্তমানে তার ওপর পারিবারিক ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এই অবস্থায় বিসিবির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়। প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থ এবং দায়িত্বশীলতার জায়গা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে নির্বাচনের আগে থেকেই তিনি এই দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করেছিলেন।
বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার একদিন পরই পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

0 Comments