২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, উপসর্গে আরও ১০ জনের প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশের সংক্রমণ পরিস্থিতি এতে তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনের একজন ঢাকা বিভাগে এবং অন্যজন ময়মনসিংহ বিভাগে। এছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা ছিল ৯৭৪ জন।

গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৪৭০ জন।

এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৮০ জন রোগী।

Post a Comment

0 Comments