নবীনগরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, এলাকায় শোক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে মোঃ ছামির মিয়া (৯) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছামির মিয়া ওই গ্রামের মোঃ সোহরাফ মিয়ার ছেলে এবং ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের ফসলি জমি দেখতে গেলে অসাবধানতাবশত একটি বিষধর সাপ তাকে দংশন করে। দংশনের পরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা চালান। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর মজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে মাঠে যাওয়ার সময় ছামির সাপের দংশনের শিকার হয়। হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, গ্রামাঞ্চলে বর্ষা ও গরম মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন হওয়া এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিশোর ছামিরের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে গভীর শোক বিরাজ করছে।

Post a Comment

0 Comments