চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইটভাটার জন্য মাটি নিতে খনন করা গর্তে পড়ে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৫ মার্চ) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি গ্রামের করিম বাপের বাড়ির পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— হাবিবুর রহমানের নয় বছরের কন্যা সাকি আকতার এবং জাকির হোসেনের আট বছরের কন্যা সানজিদা আকতার। তারা দু’জনই ভুজপুর আল মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরে মাদ্রাসায় যাওয়ার পর ফেরার পথে খেলতে গিয়ে অসাবধানতাবশত গভীর গর্তে পড়ে যায় তারা। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভুজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চাওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments