সিবি ডেক্স: অ্যামোনিয়া সংকটে দেশের একমাত্র ও রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কার্যক্রম বন্ধ হয়ে যায়।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যামোনিয়া সরবরাহ বন্ধ থাকায় মজুদ দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা হলেও তা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এসব কারখানা থেকেই ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহ করা হতো।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় ৮০০ মেট্রিক টন। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
0 Comments