সিবি ডেক্স: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, অতীত রাজনৈতিক পরিচয়ের চেয়ে বর্তমান আদর্শ ও অবস্থানকে বেশি গুরুত্ব দেয় দলটি। তাই অতীতে ছাত্রলীগসহ যেকোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, কেউ অতীতে ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগ—যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। বরং দলে যোগ দেওয়ার পর থেকেই তাকে দলের আদর্শ ধারণ করে সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যারা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চান এবং দায়িত্বশীল রাজনীতি প্রতিষ্ঠায় বিশ্বাসী, তাদের নিয়েই দল এগোতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে আগামীর রাজনীতি বিনির্মাণই এনসিপির লক্ষ্য বলে জানান তিনি।
এ সময় তিনি বলেন, যারা আজ দলে যোগ দিচ্ছেন তারা এতদিনও একই আদর্শে বিশ্বাসী ছিলেন, শুধু প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। এখন তারা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছেন।
নাহিদ ইসলাম সারাদেশের তরুণসহ সব বয়সী মানুষকে এনসিপিতে যোগ দিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে তরুণদের অগ্রণী ভূমিকার ওপর জোর দেন এবং জনগণের সংস্কারপন্থী রায় বাস্তবায়নের আহ্বান জানান।
0 Comments