Recents in Beach

ব্রেকিং নিউজ

গাজীপুরে ইমামের মেয়েকে অপহরণ দাবি ঘিরে তৈরি রহস্যের অবসান

সিবি ডেক্স: গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ ঘিরে তৈরি হওয়া ঘটনার নতুন মোড় এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অপহরণ নয় বরং প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে বিয়ে করার বিষয় ছিল।

শনিবার (১৮ এপ্রিল) শ্রীপুর থানা পুলিশ জানায়, ১৫ বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রী ও এক তরুণকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে বুধবার বিকেলে কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় মেয়েটির বাবা অভিযোগ করেন, কয়েকজন এসে অস্ত্রের মুখে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে সেই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা পালিয়ে বিয়ে করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়।

শ্রীপুর থানার ওসি নাছির আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপহরণের অভিযোগ করা হলেও প্রাথমিক তদন্তে এটি প্রেমের সম্পর্ক ও বিয়ের ঘটনা বলেই ধারণা পাওয়া যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনের বাস্তবতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments