সংসদে আমির হামজার বক্তব্য নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ, বিচার দাবি

সিবি ডেক্স: জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে তিনি স্পিকারের কাছে বিচার দাবি করেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা বিষয়টি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বক্তব্যে রুমিন ফারহানা বলেন, তার আগে বক্তব্য দেওয়া এক সহকর্মীর মন্তব্য দুঃখজনক হলেও তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পিকারের নজরে আনতে চান। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের উল্লেখ করে তিনি বলেন, সংসদে উপস্থিত তিনি এবং তার আরও দুই নারী সহকর্মীর বিরুদ্ধে একই সংসদের সদস্য আমির হামজা ওয়াজ মাহফিলে কদর্য ও কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, এ বিষয়ে তিনি স্পিকারের কাছে বিচার দাবি করছেন এবং বিষয়টি সংসদের দৃষ্টি আকর্ষণের জন্য উত্থাপন করছেন।

এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম জানান, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করা যায় না।

Post a Comment

0 Comments