সিবি ডেক্স: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, ফলে মুহূর্তেই কৃষকদের পুরো মৌসুমের স্বপ্ন শেষ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গম কাটার পর মাঠে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। কৃষক ওসমান আলী নিজের জমির খড় পোড়াতে আগুন দিলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই আশপাশের জমিতে ছড়িয়ে পড়ে পাকা গমে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষকরা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।
ভুক্তভোগী কৃষক লালন বলেন, আর কয়েক দিনের মধ্যেই গম ঘরে তোলার কথা ছিল, কিন্তু আগুনে সব শেষ হয়ে গেছে। এই গম বিক্রির অর্থ দিয়ে পরবর্তী মৌসুমের প্রস্তুতির পরিকল্পনা ছিল বলে তিনি জানান।
আরেক কৃষক আব্দুল কাদের বলেন, জ্বালানি তেলের সংকটের কারণে হারভেস্টার দিয়ে গম কাটতে দেরি হচ্ছিল। সামান্য দেরিতেই ফসল আগুনে পুড়ে গেছে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং সরেজমিন পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা হবে। তিনি কৃষকদের খোলা মাঠে আগুন ব্যবহার করে খড় বা ফসল পোড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
0 Comments