ইরান ইস্যুতে ট্রাম্পের বক্তব্যে চীনের তীব্র প্রতিক্রিয়া, যুদ্ধ বন্ধের আহ্বান

সিবি ডেক্স: ইরানে চলমান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার (১ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে ট্রাম্প আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে হামলা আরও জোরদার করার ঘোষণা দেন। এর পরপরই চীনের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সামরিক শক্তি দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। তিনি অবিলম্বে সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান।

বেইজিংয়ের মতে, চলমান অস্থিরতার মূলে রয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তার জন্য ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করছে চীন।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে অপারেশন এপিক ফিউরির পক্ষে অবস্থান তুলে ধরে বলেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন তাদের লক্ষ্য নয়; বরং দেশটির সমরাস্ত্র তৈরির কারখানা ও সামরিক সক্ষমতা ধ্বংস করাই উদ্দেশ্য।

হরমুজ প্রণালী নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ খুব শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ইসরায়েল, সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় দেশগুলোর পাশে থাকার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

Post a Comment

0 Comments