৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির, ঢাকায় চমক

সিবি ডেক্স: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী মেয়র পদে লড়বেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী এপ্রিলের মধ্যেই বাকি ৭টি সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।

এ সময় জেলা পর্যায়সহ বিভিন্ন সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা করে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ৬ দফা দাবি তুলে ধরে এনসিপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ দলের অন্যান্য নেতারা।

Post a Comment

0 Comments