৭ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু, বোর্ডে অভিন্ন প্রশ্নের আলোচনা

সিবি ডেক্স: আগামী ৭ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুনের প্রথমার্ধে আয়োজনের পরিকল্পনা করা হয়। পাশাপাশি দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এদিকে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের জন্য বিশেষ ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মাউশি।

Post a Comment

0 Comments