Recents in Beach

ব্রেকিং নিউজ

ইরান সংঘাতে ইউরোপে মার্কিন অস্ত্র সরবরাহে অনিশ্চয়তার শঙ্কা

সিবি ডেক্স: যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে ইউরোপে মার্কিন অস্ত্র সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র মজুদ কমে আসায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পূর্ব চুক্তি অনুযায়ী সরবরাহ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশেষ করে বাল্টিক ও স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশগুলো এ সংকটে সরাসরি প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নিরাপত্তাজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি, যদিও রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ওয়াশিংটনের সঙ্গে ন্যাটো মিত্রদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সামরিক অভিযানে অংশ না নেওয়ায় ইউরোপীয় দেশগুলোকে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার হুমকিও দেন।

বিলম্বিত হতে যাওয়া অস্ত্রের মধ্যে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ধরনের সামরিক সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে। এদিকে ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তার জন্য মার্কিন অস্ত্র ক্রয় এবং ইউক্রেন যুদ্ধে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।

অন্যদিকে রাশিয়া ন্যাটো দেশগুলোর ওপর হামলার কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছে। রুশ কর্মকর্তাদের মতে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার হুমকি দেখিয়ে নিজেদের সামরিক ব্যয় বাড়াতে জনমনে আতঙ্ক তৈরি করছে।

তবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু সতর্ক করে বলেছেন, ইউক্রেনীয় ড্রোন যদি ফিনল্যান্ড বা বাল্টিক দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায়, তবে সংশ্লিষ্ট দেশগুলোকে আগ্রাসনের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।
সূত্র: রয়টার্স

Post a Comment

0 Comments