সিবি ডেক্স: দেশের জ্বালানি খাতের সাম্প্রতিক অস্থিরতা কাটাতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে ডিজেলবাহী চারটি বড় জাহাজ। শুক্রবার (১৭ এপ্রিল) ও আগামী রোববারের মধ্যে বন্দরে পৌঁছাবে প্রায় ১ লাখ ৪১ হাজার টন ডিজেল, যা সরবরাহ শুরু হলে পরিবহন, কৃষি ও শিল্প খাতের অনিশ্চয়তা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবারই বন্দরে নোঙর করার কথা রয়েছে তিনটি জাহাজ— এমটি ওকট্রি, এমটি কেপ বনি এবং এমটি লিয়ান সং হু। এছাড়া আগামী রোববার চতুর্থ জাহাজ এমটি গোল্ডেন হরাইজন বন্দরে পৌঁছাবে।
প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, নির্ধারিত সূচি অনুযায়ী জাহাজগুলো বন্দরে আসছে। দ্রুত খালাস সম্পন্ন করা গেলে জ্বালানি সরবরাহে গতি ফিরবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সরবরাহ যুক্ত হলে দেশের ডিজেল মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডিজেলের মজুদ ছিল ১ লাখ ৫৫ হাজার টন। এর সঙ্গে নতুন ১ লাখ ৪১ হাজার টন যুক্ত হলে মোট মজুদ দাঁড়াবে প্রায় ২ লাখ ৯৬ হাজার টনে।
এর ফলে বর্তমান ১৩ দিনের মজুদ বেড়ে প্রায় ২৫ দিনের চাহিদা পূরণে সক্ষম হবে বিপিসি। সংশ্লিষ্টরা জানান, এ পরিমাণ জ্বালানি দিয়ে অন্তত ১২ দিনের চাহিদা নির্বিঘ্নে মেটানো সম্ভব হবে।
বিপিসির পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেলের মাধ্যমে পূরণ হয়। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ডিজেলের মোট চাহিদা ধরা হয়েছে ৪৩ লাখ ৫০ হাজার টন।
0 Comments