কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটেও কোনো বাস ছেড়ে যায়নি।
তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিক ইউনিয়ন।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাস অন্তর্ভুক্ত থাকলেও শ্রমিকরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এ দাবিতে মালিক গ্রুপের সঙ্গে একাধিক বৈঠক হলেও ১৫ এপ্রিলের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মবিরতি শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, শ্রমিকদের সঙ্গে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকেরাও বাস চলাচল বন্ধ রেখেছেন। ফলে কুষ্টিয়া থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
0 Comments