কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় বন্য হাতির হামলায় ছাবের আহমেদ (৬৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাহাড়সংলগ্ন এলাকায় নিজের বোরো ধানখেত পাহারা দিতে রাতভর অবস্থান করছিলেন ছাবের আহমেদ। ভোরের দিকে একটি বন্য হাতি লোকালয়ে নেমে এলে তিনি সেটিকে তাড়ানোর চেষ্টা করেন।
এ সময় হাতিটি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ জানান, হাতির বিকট গর্জন শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি ছাবের আহমেদের রক্তাক্ত নিথর দেহ দেখতে পান। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় সম্প্রতি হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকরা রাতে আগুন জ্বালিয়ে ধানখেত পাহারা দিচ্ছেন। নিহত ছাবের আহমেদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতি লোকালয়ে চলে আসায় এ ধরনের ঘটনা ঘটছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
0 Comments