২৪ ঘণ্টায় হামে ৩ জনের মৃত্যু, সংক্রমণ বাড়ছে দেশে

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও সন্দেহভাজন মিলিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জনে।

একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৭৩ জনে পৌঁছেছে এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৬১ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৭৭২ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকায় সবচেয়ে বেশি সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং ৬১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে ঢাকায় ২ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রামে ১০০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগেও সংক্রমণ থাকলেও তুলনামূলকভাবে কম।

Post a Comment

0 Comments