টেকনাফে ২২ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও পাচারে ব্যবহৃত বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments