কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন, সহায়তার ঘোষণা শ্রমমন্ত্রীর

সিবি ডেক্স: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি গ্যাস লাইট কারখানা সরেজমিনে পরিদর্শন করেছেন।

শনিবার পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং এই দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

কারখানা পরিদর্শন শেষে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের শয্যাপাশে সময় কাটান এবং তাদের চিকিৎসার খোঁজ নেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় বিশেষ তহবিল ঘোষণার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলার জেলা প্রশাসককেও পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো শ্রমিকের জীবন যেন অবহেলার কারণে ঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments