রাজবাড়ীতে সাবেক মন্ত্রীর দখলে থাকা জেলা পরিষদের জমি উদ্ধার

সিবি ডেক্স: রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় বসুন্ধরা সিনেমা হল সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে বেদখলে ছিল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থলে সাইনবোর্ড স্থাপন করে জমিটি নিজেদের দখলে নেন।

জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ নম্বর দাগে ৬ শতাংশ ৫৪ লিংক এবং ১৫৬৬ নম্বর দাগে ৫ শতাংশ ১২ লিংকসহ মোট ১১ শতাংশ ৬৬ লিংক জমি দীর্ঘদিন ধরে বেদখলে ছিল। অভিযোগ রয়েছে, সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-2 আসনের এমপি মো. জিল্লুল হাকিম দায়িত্ব পালনকালে সংলগ্ন কিছু জমি ক্রয় করে জেলা পরিষদের জমিও বাউন্ডারি দেয়াল নির্মাণের মাধ্যমে দখলে নেন।

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া জানান, বেদখল অবস্থায় থাকা জমিটি উদ্ধার করে জেলা পরিষদের দখলে নেওয়া হয়েছে। তিনি বলেন, জেলা পরিষদের আয় বাড়াতে উদ্ধারকৃত জমিতে দ্রুত একটি মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় হরিতলা মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার সোম বলেন, বসুন্ধরা সিনেমা হল কর্তৃপক্ষ আগে জেলা পরিষদের জমি লিজ নিয়ে ব্যবহার করত। পরবর্তীতে ওই জমি সাবেক রেলমন্ত্রী ক্রয় করে জেলা পরিষদের জমিসহ একত্রে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দখলে রাখেন। তবে জেলা পরিষদ জমি পুনরুদ্ধার করায় এটি ইতিবাচক পদক্ষেপ।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর সরকারি সম্পত্তি উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

Post a Comment

0 Comments