সিবি ডেক্স: দেশে বর্তমানে সরকারি চাকরির বিভিন্ন গ্রেডে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত এই বিশাল সংখ্যক পদ খালি রয়েছে। এসব শূন্যপদ পূরণে সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের আভাস দিয়ে প্রতিমন্ত্রী জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে এখন থেকে মুখস্থ নির্ভর সিলেবাস বাদ দিয়ে ‘দক্ষতাভিত্তিক’ মূল্যায়ন পদ্ধতি চালু করা হচ্ছে। এজন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে যারা বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষা পর্যালোচনা করছে। এছাড়া মৌখিক পরীক্ষায় প্রার্থীর জ্ঞান ও মনোভাব যাচাইয়ে ‘যোগ্যতা-ভিত্তিক সাক্ষাৎকার’ এবং এক বছরের মধ্যে একটি বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছতার সাথে ৫ লাখ কর্মচারী নিয়োগ তদারকির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
সংসদে বিরোধী দলীয় সদস্যদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে। বাকি ৭ শতাংশ কোটা মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ। এছাড়া বিগত ১৬ বছরে বিসিএস প্রশাসনে ১২ জনকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জনকে বরখাস্ত এবং ৫৬৪ জনকে ওএসডি করার তথ্যও তিনি তুলে ধরেন। গত সরকারের সময় নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়গুলো বর্তমানে দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলেও তিনি উল্লেখ করেন।
0 Comments