রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার মধ্যে এ মৃত্যু ঘটে। একই সময়ে আরও ১২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩০ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে আরও ১৩ শিশু। এ পর্যন্ত মোট ৩৫২ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত চার দিনে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড ও আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় এখন শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে।
ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হচ্ছে। কয়েকদিন ধরেই আমরা প্রাপ্তবয়স্ক রোগী পাচ্ছি। তবে ঠিক কতজন ভর্তি হয়েছেন, সে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
তিনি আরও জানান, হামের নিশ্চিত পরীক্ষার ফল পেতে সময় লাগে। রাজশাহীতে দ্রুত পরীক্ষা করার সুযোগ না থাকায় আপাতত সব রোগীকেই সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। ফলে হামে আক্রান্ত হয়ে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
0 Comments