রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া।
পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, শাওনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার সহপাঠী মোহাম্মদ কাজল মিয়া জানান, শাওন গত কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
তিনি আরও জানান, শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু হতাশাজনক পোস্টও দিয়েছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, বিষণ্নতা বা পারিবারিক কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
0 Comments