হত্যা মামলার ৩ আসামি কুয়াকাটা থেকে গ্রেপ্তার

সিবি ডেক্স: গাজীপুর মহানগরের বাসন থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানার এফআইআর নং-৩৮ (২৮ মার্চ) অনুযায়ী, পালেরপাড়া এলাকার বাসিন্দা মোঃ চাঁন মিয়া (৭০) কে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ২৭ মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় মোসাঃ আমেনা (৫০), হানিফ (২৮) ও মোসাঃ মুন্নি (২৩) গুরুতর আহত হন।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আয়াত আলী, রাজীব মোল্লা ও মাসুমসহ আরও অজ্ঞাতনামা আসামিরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরদিন বাসন থানায় পেনাল কোড, ১৮৬০ এর ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪/৫০৬/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বাসন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ আয়াত আলী (৩০), মোঃ রাজীব মোল্লা (৩০) এবং মাসুম (৩০)। তারা সবাই গাজীপুর মহানগরের বাসন থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) এস এম শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments