ভুয়া পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে ধরা, যুবকের জরিমানা ও কারাদণ্ড

সিবি ডেক্স: রাজশাহী নগরীতে ভুয়া পরিচয় ব্যবহার করে নিয়ম না মেনে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করায় এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করায় তাকে ৬ মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবক মো. তৌহিদুর রহমান (২৯) নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে।

রোববার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ওই পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে যান। সেখানে অপেক্ষমাণ গ্রাহকদের নিষেধ অমান্য করে তিনি নিজেকে পুলিশ পরিচয়ে বরাদ্দ তেল আছে দাবি করে নিয়ম ভেঙে তেল নেওয়ার চেষ্টা করেন।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর। অপরাধ প্রমাণিত হওয়ায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯২ (১) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর বলেন, জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে মনিটরিং জোরদার করা হয়েছে। অতিরিক্ত তেল সংগ্রহ, মজুদ, প্রতারণা ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments