মার্কিন উদ্ধার অভিযান নস্যাৎ, হেলিকপ্টার-বিমান ধ্বংসের দাবি ইরানের

ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধারে চালানো মার্কিন বাহিনীর একটি বিশেষ অভিযান নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। তেহরানের দাবি, এ সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি সামরিক পরিবহন বিমানসহ একাধিক মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে।

রোববার খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, ইরানের দক্ষিণ ইসফাহান এলাকায় মার্কিন বাহিনী অনুপ্রবেশ করে নিখোঁজ পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল। এ সময় ইরানের সশস্ত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে ওই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

তিনি জানান, ইরানের অ্যারোস্পেস ফোর্স, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে অনুপ্রবেশকারী মার্কিন বিমানগুলোকে বাধা দেওয়া হয় এবং ধ্বংস করা হয়।

জুলফাগারি দাবি করেন, এই অভিযানে অন্তত দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ধ্বংস হয়েছে। দক্ষিণ ইসফাহানে হামলার পর বিমানগুলো জ্বলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে বলেও জানান তিনি।

তিনি এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘লজ্জাজনক পরাজয়’ হিসেবে উল্লেখ করে ১৯৮০ সালের ব্যর্থ ‘অপারেশন ঈগল ক্ল’র সঙ্গে তুলনা করেন।

এদিকে তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছেন এবং ‘বিশেষ অভিযান’ সফল হয়েছে বলে দাবি করছেন।

ইরানি মুখপাত্র বলেন, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), সেনাবাহিনী, বাসিজ ও পুলিশের সমন্বিত পদক্ষেপ এবং ‘ঈশ্বরের সাহায্যে’ শত্রুর এই প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

Post a Comment

0 Comments