তেল মজুতদারিতে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি, কঠোর হতে নির্দেশ

সিবি ডেক্স: যারা মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন, তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ করা হতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।

শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপায় এক খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, কৃত্রিমভাবে তেলের সংকট সৃষ্টি করা হচ্ছে। এক শ্রেণির মানুষ মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একই দিনে একাধিকবার লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে তা মজুত করছে এবং পরে বোতল ও ড্রামে সংরক্ষণ করছে, যা বাজারে অস্থিতিশীলতা তৈরি করছে।

তিনি আরও বলেন, এতদিন সরকার নরম অবস্থানে থাকলেও এখন কঠোর হওয়ার সময় এসেছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা ২৫ অনুযায়ী কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে এবং প্রয়োজন হলে তা প্রয়োগ করা হবে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, কোনো দলের, এমনকি বিএনপির নেতাকর্মীও যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাকে সবার আগে গ্রেফতার করতে হবে। কেউ তাদের পক্ষে তদবির করলে তাকেও সহযোগী হিসেবে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।

গণভোট বাতিল হলে ‘জুলাই সনদ’ বাতিল হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যা গণভোটের ওপর নির্ভরশীল নয়। এটি সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তি ছড়ানো উচিত নয়।

মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন ও গুম কমিশন বাতিল হওয়ার গুঞ্জন নাকচ করে তিনি বলেন, এসব আইন বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। বরং যাচাই-বাছাই শেষে নতুনভাবে প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

কৃষকদের জন্য সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষি ঋণ মকুফ করা হয়েছে। ইতোমধ্যে ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এবং আগামী বাজেটে এ কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শৈলকুপাসহ দেশের ১১টি স্থানে কৃষক কার্ড বিতরণ করা হবে।

বক্তব্যের শেষে তিনি চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের শৈলকুপা সফরের ঘোষণা দিয়ে এলাকাবাসীকে তাকে স্বাগত জানানোর আহ্বান জানান।

Post a Comment

0 Comments