পেনাল্টিতে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সিবি ডেক্স: নাটকীয় পেনাল্টি শ্যুটআউটে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালের শেষ শটে রোনান সুলিভানের সফল পেনাল্টিতেই নিশ্চিত হয় এই জয়।

ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দলই সুযোগ তৈরি করলেও কেউই গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। শ্যুটআউটে শুরুতেই বাংলাদেশ গোলরক্ষক মাহিন ভারতের প্রথম শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।

তবে চতুর্থ শটে স্যামুয়েলের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে এলে চার শট শেষে স্কোর দাঁড়ায় ৩-৩ সমতায়। এতে ম্যাচে বাড়তি উত্তেজনা তৈরি হয়।

পঞ্চম শটে ভারতের সর্বোচ্চ গোলদাতা বল পোস্টের ওপর দিয়ে মারলে বাংলাদেশের সামনে জয়ের সুযোগ তৈরি হয়। এরপর শেষ শটে রোনান সুলিভান পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন।

এর মাধ্যমে যুব সাফের ফাইনালে প্রথমবারের মতো ভারতকে হারাল বাংলাদেশ। এর আগে ২০১৯, ২০২২ ও ২০২৫ সালে ভারতের বিপক্ষে ফাইনালে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

এই জয়ের ফলে ২০২৪ সালের পর আবারও দক্ষিণ এশিয়ার শিরোপা ঘরে তুলল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

Post a Comment

0 Comments