ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা ইলহামি জানিয়েছেন, নতুন কৌশল ও উন্নত যুদ্ধাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ‘শিকার’ করছে তাদের বাহিনী।
তার দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সম্প্রতি একটি এফ-১৫-ই এবং একটি এ-১০ থান্ডারবোল্ট টু যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে এফ-১৫-ই ইরানের অভ্যন্তরে বিধ্বস্ত হয়, আর এ-১০ বিমানটি ইরানের আকাশসীমা ত্যাগ করে পারস্য উপসাগরে গিয়ে বিধ্বস্ত হয়।
তিনি বলেন, কৌশলগত পরিকল্পনা, উন্নত অস্ত্রের ব্যবহার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন উদ্ভাবনের মাধ্যমেই এসব সাফল্য এসেছে। তবে কী ধরনের প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইলহামি আরও দাবি করেন, নতুন কৌশলের কারণে ‘শত্রুপক্ষ বিভ্রান্ত ও হতবুদ্ধি’ হয়ে পড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে উল্লেখ করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এফ-১৫-ই যুদ্ধবিমানের দুই ক্রুর একজনকে উদ্ধার করা হয়েছে, অপরজন এখনো নিখোঁজ। অন্যদিকে এ-১০ বিমানের পাইলট ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এবং পরে পারস্য উপসাগরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
0 Comments