সিবি ডেক্স: কালবৈশাখী ঝড়ের সময় দেশের পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে পাঁচজন, রংপুরে দুইজন, ময়মনসিংহে দুইজন এবং নেত্রকোনা ও হবিগঞ্জে একজন করে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পর সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচজন নিহত হন। নিহতরা হলেন—হাবিবুর রহমান, রহমত উল্লা, নাজমুল হোসেন, আবুল কালাম ও লিটন মিয়া।
রংপুরের মিঠাপুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মিলন রায় ও আবু তালেব নামে দুই জেলের মৃত্যু হয়। এ ঘটনায় আরও সাতজন আহত হন।
হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে কাজ করার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন নামে এক কৃষক নিহত হন। একইভাবে নেত্রকোনার আটপাড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আলতু মিয়ার মৃত্যু হয়।
এ ছাড়া ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় রহমত আলী উজ্জল ও মমতাজ আলী খান নামে দুইজন নিহত হন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।
0 Comments