দেশের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বিসিবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই স্কিমের আওতায় বর্তমান ও সাবেক ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন।
খেলোয়াড়রা অবসর নেওয়ার পর অনেক সময় আর্থিক অনিশ্চয়তায় পড়েন— এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি চূড়ান্ত করার আগে একটি বিস্তারিত কাঠামো প্রণয়ন করা হবে।
এ লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যা পেনশন স্কিমের আওতা, কাঠামো ও সুবিধার পরিমাণ নির্ধারণ করে আগামী বোর্ড সভায় পূর্ণাঙ্গ প্রস্তাব উপস্থাপন করবে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু বলেন, এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি হয়েছে এবং একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি কারা এবং কীভাবে পেনশন পাবেন, সে বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব তৈরি করবে।
0 Comments