চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে পাচারের সময় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) রাতে সীমান্তবর্তী এলাকা থেকে ভিকটিমদের উদ্ধার এবং দালালদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন পূর্বে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থান করতেন। প্রায় ৭ থেকে ৮ মাস আগে তারা সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফিরে আসেন।
পরবর্তীতে পুনরায় ভারতে যাওয়ার জন্য তারা দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন। যশোরের মনিরামপুর এলাকার শফির মাধ্যমে স্থানীয় দালাল ফারুক হোসেন ও ইসরাফিল হোসেনের সঙ্গে তাদের যোগাযোগ হয়।
দালালরা ভারতে নিয়ে কার্টুন তৈরির ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করে। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে সীমান্তে নিয়ে গিয়ে তাদের পার না করে কৌশলে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়।
এ সময় রাকিব মোল্লা নামে এক ভিকটিমকে মারধর করে দালালরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্য ইসরাফিল (৩২) ও মো. উজ্জ্বল হোসেন (৪০)কে গ্রেফতার করে।
উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন— রাকিব মোল্লা (৩৭), তার স্ত্রী নাইস মিনা খানম (৩০), লিমন মোল্লা, সাথী খাতুন (২৫), রিহান মোল্লা, ফাতেমা খাতুন (১০), ফারিয়া খাতুন (২) ও ইসমাইল মোল্লা (১)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দোহা মল্লিকপুর গ্রামে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ জানান, উদ্ধারকৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
0 Comments