বরগুনার তালতলী উপজেলায় দীর্ঘদিন ধরে চলা জ্বালানি তেলের তীব্র সংকট কাটতে শুরু করেছে। এতে সেচ মৌসুমে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন প্রান্তিক কৃষকরা।
গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানি তেলের সংকটের কারণে উপজেলার সেচ পাম্পগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বিশেষ করে বোরো মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে পানির অভাবে অনেক জমি ফেটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত দুদিন ধরে তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় পাম্প মালিক ও কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কৃষক ফরিদ উদ্দিন, আব্দুস সালাম ও আবুল মিয়া জানান, তেলের অভাবে ঠিকমতো সেচ দিতে পারছিলেন না। এখন তেল পাওয়ায় সময়মতো সেচ দেওয়া সম্ভব হচ্ছে এবং চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন তারা।
জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স পায়রা ট্রেডার্সের ম্যানেজার ইকবাল হোসেন জানান, আগে প্রতিবার ৫ হাজার লিটার তেল সরবরাহ করা হলেও উপজেলা প্রশাসনের উদ্যোগে এখন তা বাড়িয়ে ১০ হাজার লিটার করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ৯ হাজার লিটার তেল সরবরাহ করা হচ্ছে।
তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস বলেন, তেলের অভাবে বোরো উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। তবে প্রশাসনের উদ্যোগে এখন সেচে কোনো সমস্যা হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, কৃষকদের স্বার্থে তেলের ডিপো কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সেচ মৌসুমে কৃষকদের যেন কোনো সংকটে পড়তে না হয়, সেটিই ছিল অগ্রাধিকার।
0 Comments