নবাবগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির প্রস্তুতি, আটক ৩

সিবি ডেক্স: দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গাজীপুর সুপারি বাগান এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে খবর পাওয়া যায় উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বিক্রির জন্য প্রস্তুত করছে। সেই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

অভিযানকালে সেখান থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়, যা মোট ১২ মন। জব্দকৃত মাংসগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Post a Comment

0 Comments