ঝিকরগাছায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ: ৬০ হাজার টাকা জরিমানা

সিবি ডেক্স: যশোরের ঝিকরগাছা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অপরাধে আব্দুল জব্বার নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জব্বারের হেফাজত থেকে চারটি ব্যারেলে রাখা বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে, তিনি পার্শ্ববর্তী শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন থেকে এই তেল সংগ্রহ করে মজুত করেছিলেন। অপরাধ স্বীকার করায় তাকে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’ অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ইউএনও সাফফাত আরা সাঈদ জানান, জব্দকৃত তেল মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার হাসানুজ্জামান পরাগের জিম্মায় রাখা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে যে, এসব তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

Post a Comment

0 Comments