ইরান ইস্যুতে ট্রাম্পের হুমকি ‘অগ্রহণযোগ্য’: নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে ‘অসহযোগিতামূলক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। বরং সংঘাত যাতে আর বিস্তৃত না হয়, সেটিই হওয়া উচিত প্রধান লক্ষ্য।

সপ্তাহান্তে ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে লাক্সন বলেন, ব্রিজ, জলাধার বা যেকোনো বেসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে উত্তেজনা প্রশমন জরুরি এবং সামরিক শক্তি প্রদর্শনের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত।

লাক্সন জানান, চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের বৈঠক নির্ধারিত রয়েছে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রকে সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে।

তিনি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে বেসামরিক স্থাপনা সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয়েও নিউজিল্যান্ডের এমন অবস্থান কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং এটি ওয়াশিংটনের ওপর চাপ তৈরি করতে পারে।

লাক্সন সতর্ক করে বলেন, চলমান উত্তেজনা অব্যাহত থাকলে এর ভয়াবহ প্রভাব বেসামরিক জনগণ এবং বৈশ্বিক অর্থনীতির ওপর পড়তে পারে।

Post a Comment

0 Comments