কিশোর-কিশোরীরা মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা করছে, তা তদারকি করতে অভিভাবকদের জন্য ‘সুপারভিশন’ সুবিধা চালু করেছে মেটা। এক ব্লগ বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জার প্ল্যাটফর্মের টিন অ্যাকাউন্টের সুপারভিশন টুলে থাকা ইনসাইটস ট্যাবের মাধ্যমে এখন থেকে সন্তানের এআই চ্যাটবট ব্যবহারের তথ্য জানতে পারবেন অভিভাবকরা।
নতুন এই ফিচারের মাধ্যমে সন্তানদের অনলাইন কার্যক্রম সম্পর্কে অভিভাবকরা আগের চেয়ে আরও স্বচ্ছ ধারণা পাবেন। ইনসাইটস ট্যাবে এআই সহকারীর সঙ্গে কিশোর-কিশোরীদের কথোপকথনের তথ্যগুলো বিষয়ভিত্তিকভাবে প্রদর্শিত হবে। যেমন, ‘স্বাস্থ্য ও সুস্থতা’ বিভাগের অধীনে ফিটনেস, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মতো উপবিভাগগুলো দেখা যাবে। তবে এই ট্যাবে শুধুমাত্র গত সাত দিনের কথোপকথনের তথ্য সংরক্ষিত থাকবে।
নিরাপত্তাসংক্রান্ত সমালোচনা ও আইনি চাপের মুখে থাকা মেটা এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি শিশু নিরাপত্তা ও প্ল্যাটফর্মের আসক্তিকর নকশা নিয়ে মামলার পর কিশোর-কিশোরীদের এআই ব্যবহারের ওপর কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছিল।
সুপারভিশন সুবিধার পাশাপাশি সাইবারবুলিং রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথভাবে একটি নির্দেশিকা তৈরি করেছে মেটা। এছাড়া এআই চ্যাটবট ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে ‘এআই ওয়েলবিয়িং এক্সপার্ট কাউন্সিল’ গঠনের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সন্তানরা এআই চ্যাটবটে কী নিয়ে কথা বলছে তা এখন জানতে পারবেন অভিভাবকরা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে নতুন সুপারভিশন টুল ও ইনসাইটস ট্যাব চালু করেছে মেটা।
সূত্র: Prothom Alo

0 Comments