সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে গাড়িটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ৬টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, চট্টগ্রাম মেট্রো গ-৭২৩০ নম্বরের একটি প্রাইভেট কার শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। বড় ডেইল এলাকায় পৌঁছানোর পর গাড়ির গ্যাস সিলিন্ডারের যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই গাড়িটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
0 Comments