Recents in Beach

ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব: বখাটে যুবকের এক বছরের কারাদণ্ড

সিবি ডেক্স: পঞ্চগড়ে এক কলেজ শিক্ষার্থীকে উত্যক্ত করা ও আপত্তিকর আচরণের অভিযোগে আবু হোসেন (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের একটি কক্ষে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আবু হোসেন সদর ইউনিয়নের ডুডুমারি এলাকার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রীর সহকারী।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে উত্তর গেট সংলগ্ন গলিতে আবু হোসেন তার পথরোধ করে। অভিযুক্ত যুবক টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাবসহ বিভিন্ন আপত্তিকর অঙ্গভঙ্গি করলে শিক্ষার্থী চিৎকার শুরু করেন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বাদীর অভিযোগ, আসামির স্বীকারোক্তি ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে আদালত তাৎক্ষণিকভাবে এই দণ্ডাদেশ প্রদান করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে এই রায় একটি কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

Post a Comment

0 Comments