সিবি ডেক্স: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বৈশাখী মেলা দেখতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ১৩ বছর বয়সী মেজ মেয়েকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুরুল হুদা (৪৪) নামে এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন আসামি নুরুল হুদা তার দুই মেয়েকে সাইকেলে করে বিরামপুর উপজেলার মির্জাপুরে মেলা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে খট্টামাধবপাড়া ইউনিয়নের উত্তর খট্টা এলাকায় পৌঁছে তিনি ছোট মেয়েকে রাস্তার পাশে রেখে মেজ মেয়েকে জোরপূর্বক একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা চালালে ক্ষেতে কর্মরত শ্রমিকরা বিষয়টি টের পেয়ে যান এবং স্থানীয়রা এসে অভিযুক্ত ব্যক্তিকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয়।
পরবর্তীতে ভুক্তভোগী কিশোরীর মা বিষয়টি জানতে পেরে ১৫ এপ্রিল বাদী হয়ে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা নুরুল হুদাকে গ্রেপ্তার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পহেলা বৈশাখের দিনে নিজ কন্যাকে লাঞ্ছিত ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আসামির স্ত্রীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
0 Comments