Recents in Beach

ব্রেকিং নিউজ

জুলাই সনদের গণরায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

সিবি ডেক্স: জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন করে রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল অন্যান্য বিভাগীয় শহরে গণমিছিল এবং ২ মে জেলা পর্যায়ে গণমিছিল। এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দেশব্যাপী লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন করা হবে।

এর আগে বেলা ১১টায় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ধাপের কর্মসূচি শেষে পরবর্তী সময়ে সিটি কর্পোরেশন ও বিভাগীয় শহরগুলোতে বিশাল সমাবেশ করা হবে এবং লিয়াজোঁ কমিটির বৈঠকের মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের ডাক দেওয়া হবে।

মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে অভিযোগ করেন যে, বর্তমান সরকার জনগণের রায় মানছে না। তিনি স্পষ্টভাবে জানান, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোট দফায় দফায় কর্মসূচি চালিয়ে যাবে। আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে রাজধানীতে একটি বিশাল সমাবেশের পরিকল্পনা রয়েছে যেখান থেকে চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হতে পারে।

Post a Comment

0 Comments