Recents in Beach

ব্রেকিং নিউজ

মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার জ্বালানি নিরাপত্তা রক্ষায় জাপানের ১০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

সিবি ডেক্স: ইরানকে ঘিরে চলমান সংঘাতের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোর জন্য ১০ বিলিয়ন ডলারের বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে জাপান। বুধবার এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই ঐতিহাসিক ঘোষণা দেন। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং সরবরাহ চেইন সচল রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের ৯০ শতাংশই এশিয়ার দেশগুলোতে আসে, যা বর্তমানে যুদ্ধের কারণে চরম ঝুঁকির মুখে রয়েছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ১০ বিলিয়ন ডলার আসিয়ানভুক্ত দেশগুলোর প্রায় এক বছরের তেল আমদানির খরচের সমপরিমাণ। এই প্রকল্পে অর্থায়ন করবে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (JBIC), জাইকা (JICA) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। প্রধানমন্ত্রী তাকাইচি আশ্বস্ত করেছেন যে, এই বিশাল সহায়তা জাপানের অভ্যন্তরীণ জ্বালানি মজুতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। উল্লেখ্য, জাপান বর্তমানে তার বিশাল মজুত থেকে দফায় দফায় তেল বাজারে ছাড়ছে যাতে সরবরাহ স্বাভাবিক থাকে।

জাপানের এই সময়োপযোগী উদ্যোগকে বাংলাদেশসহ ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার নেতারা স্বাগত জানিয়েছেন। জ্বালানির দাম বাড়ায় ইতিমধ্যে ফিলিপাইন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং অনেক দেশ বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বৈঠকে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র আসিয়ান দেশগুলোর মধ্যে জ্বালানি ভাগাভাগি চুক্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো একক দেশের পক্ষে এই বৃহৎ সংকট মোকাবিলা করা সম্ভব নয়; বরং সম্মিলিত প্রচেষ্টাই এর একমাত্র সমাধান।

Post a Comment

0 Comments