Recents in Beach

ব্রেকিং নিউজ

চন্দনাইশে ট্রাকের ধাক্কায় নছিমনের যাত্রী নিহত ১, আহত ৫

সিবি ডেক্স: চট্টগ্রামের চন্দনাইশে মালবাহী ট্রাকের ধাক্কায় নছিমনের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বুলার তালুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আরমান হোসেন শেখ (১৭) পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাগাজোড়া তারাবুনিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন মোহাম্মদ হাসান (১৮) ও মো. আশিক। তবে বাকি তিনজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। হতাহত সবাই পেশায় শ্রমিক বলে জানা গেছে।

আহত পাঁচজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে মোহাম্মদ হাসানকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর মো. আশিক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যান বলে জানা গেছে। বাকি আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, রাত সাড়ে ৮টার দিকে নছিমনে করে কয়েকজন শ্রমিক কাজ শেষে দোহাজারীর নিজ এলাকায় ফিরছিলেন। পথে চন্দনাইশ উপজেলার বুলার তালুক রাস্তা মাথা সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক নছিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

এসআই রুহুল আমিন আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও নছিমনটি দোহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments