ইরান ঘিরে মার্কিন বাহিনী থাকবে, হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন রণতরী, যুদ্ধবিমান এবং কয়েক হাজার সৈন্য এখনই প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হলে ইরানকে এমন ভয়াবহ হামলার মুখে পড়তে হবে, যা বিশ্ব আগে কখনো দেখেনি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সব জাহাজ, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্রসহ বিমান, রণতরী এবং সামরিক সদস্যরা ইরানের আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না প্রকৃত চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, কোনো কারণে চুক্তি বাস্তবায়িত না হলে—যদিও তা হওয়ার সম্ভাবনা কম—আবারও সংঘাত শুরু হতে পারে এবং তা আগের যেকোনো সময়ের চেয়ে বড়, আরও উন্নত ও শক্তিশালী হবে।

ট্রাম্প উল্লেখ করেন, আগে থেকেই ঐকমত্য ছিল যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং হরমুজ প্রণালি অবশ্যই খোলা ও নিরাপদ রাখতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, বিশ্রাম নিচ্ছে এবং পরবর্তী অভিযানের জন্য অপেক্ষা করছে। তার ভাষায়, ‘আমেরিকা ফিরে এসেছে!’

Post a Comment

0 Comments