চট্টগ্রামের রাউজানে দুই মাসের ব্যবধানে আবারও গুলির ঘটনায় কাউসারুজ্জামান (৩৬) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কাউসারুজ্জামান ওই এলাকার আবুল কালামের ছেলে এবং পেশায় একজন কৃষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাউসারুজ্জামান রাতে নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে সাত থেকে আটজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ শনিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কালাম জানান, তার ছেলে বিএনপির সমর্থক ছিলেন এবং এলাকায় অন্যায়ের প্রতিবাদ করতেন। এর আগেও কয়েকবার তার ওপর হামলা হয়েছে। উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতানও নিহতের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় সন্ত্রাসবিরোধী অবস্থানের কারণে তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে রাজনৈতিক হানাহানি ও বিভিন্ন বিরোধে এখন পর্যন্ত ২২টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ১৬টি হত্যাকাণ্ডই রাজনৈতিক বিরোধের জেরে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময়ের মধ্যে শতাধিক সংঘর্ষের ঘটনায় অন্তত সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
চট্টগ্রামের রাউজানে বাড়ি ফেরার পথে কাউসারুজ্জামান নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ আগস্টের পর উপজেলায় এটি ২২তম হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সূত্র: Prothom Alo

0 Comments