Recents in Beach

ব্রেকিং নিউজ

পুরোনো শিক্ষাব্যবস্থা ছাড়তে হবে, নইলে ভবিষ্যৎ অন্ধকার: শিক্ষামন্ত্রী

যুগের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, মান্ধাতা আমলের শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, অন্যথায় ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে।

শুক্রবার (১৭ এপ্রিল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এতে রেজিস্ট্রার, প্রক্টর, ট্রেজারারসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ে আলাদা সেল গঠন করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়নে ইউজিসির পাশাপাশি মন্ত্রণালয়ের নিজস্ব রিপোর্টও থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যা ও শিক্ষার্থীর কোনো অভাব নেই। বিশ্বে যেখানে অনেক দেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংকট রয়েছে, সেখানে বাংলাদেশ এগিয়ে থাকার সুযোগ রাখে। তবে বিশ্বায়নের যুগে টিকে থাকতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে।

মন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করে বলেন, অবকাঠামো উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হচ্ছে না। তিনি জোর দিয়ে বলেন, শুধু ভবন নির্মাণ নয়, গুণগত শিক্ষার উন্নয়নই এখন সবচেয়ে জরুরি।

Post a Comment

0 Comments