কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষি খাতের উন্নয়নে অতীতের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ এখনো ইতিবাচক প্রভাব রেখে চলেছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় কৃষি ঋণমুক্তকরণ, সারের ভর্তুকি প্রদানসহ কৃষকদের জন্য নানা সহায়ক নীতি বাস্তবায়ন করা হয়েছিল, যা কৃষি খাতকে শক্তিশালী ভিত্তি দেয়।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একই কৃষিবান্ধব আদর্শে বিশ্বাসী। দায়িত্ব গ্রহণের পর তিনি কৃষকদের কল্যাণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কৃষি ঋণমুক্তকরণ জোরদার করা এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর মতো উদ্যোগ উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, ভর্তুকি ব্যবস্থা অতীতে শুরু হলেও বর্তমানে তা আরও সম্প্রসারিত ও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কৃষকদের সহায়তায় সরকার ‘ফ্যামিলি কার্ড’সহ নতুন কর্মসূচি গ্রহণ করেছে, যার মাধ্যমে বহু কৃষক পরিবার উপকৃত হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এই জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তরের জন্য সরকার প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্যে উপকরণ সরবরাহ এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় সংসদ সদস্য জসিম উদ্দিন, আতিকুল আলম শাওনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী নির্বাচিত কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করেন এবং কৃষি বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কুমিল্লায় মোট ১ হাজার ৪৫৮ জন কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে।
0 Comments